
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। একইসঙ্গে নগরবাসীর নিরাপত্তা ও নির্বিঘ্ন ঈদ উদযাপন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে সংস্থাটি।
আরএমপির পক্ষ থেকে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে মহানগর এলাকায় ২৪ ঘণ্টা পালাক্রমে পুলিশি টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। নিরাপদ নগর গড়ার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও মামলা, সাধারণ ডায়েরি (জিডি), পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন পুলিশি সেবা দ্রুত ও আন্তরিকতার সঙ্গে প্রদানের জন্য মাঠপর্যায়ের সকল পুলিশ সদস্যকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় আরএমপি। কোনো অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
আরএমপি জানিয়েছে, পুলিশি সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি বা অনিয়মের শিকার হলে নাগরিকরা আরএমপি হটলাইনের মাধ্যমে সহযোগিতা নিতে পারবেন।
নগরবাসীর সহযোগিতা ছাড়া নিরাপদ নগর গড়া সম্ভব নয় উল্লেখ করে আরএমপি নাগরিকদের মূল্যবান মতামত ও পরামর্শকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ নগরী গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
পরিশেষে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে আরএমপি বলেছে, নগরবাসীকে সঙ্গে নিয়েই নিরাপদ ও স্বস্তির নগর গড়তে তারা অঙ্গীকারবদ্ধ।