
জয়,
চীফ রিপোর্টারঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
অভিযান চলাকালে হাটে আদায়কৃত হাসিলের রশিদ পরীক্ষা করা হয়। পাশাপাশি হাটে আসা পশু ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে সরেজমিনে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন প্রশাসনের কর্মকর্তারা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, হাট ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইজারাদারদের আগাম সতর্কও করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অতিরিক্ত হাসিল আদায়ের কারণে ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তির শিকার হতে হচ্ছিল। উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি অব্যাহত থাকলে হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তারা।