
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পুঠিয়া উপজেলার লস্করপুর ডিগ্রী কলেজ মাঠ থেকে শুরু হওয়া মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুঠিয়া মোড়ে এসে শেষ হয়। মিছিল ও সভা চলাকালে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। এছাড়া কর্মী ও সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করেন।
নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মনজুর রহমান। অনুষ্ঠানে রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন, হাফেজ হাফিজুর রহমান, জেলা কর্ম পরিষদ ও শুরা সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম ও অধ্যাপক মুনসুর রহমান মুন্টু, উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আমিনুল ইসলাম ডালিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি মাওলানা মনজুর রহমান বলেন, “দেশ ও জনগণের কল্যাণে সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী নির্বাচন অনুষ্ঠানে অংশ নিচ্ছে। আমরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব হয়।
তিনি আরও বলেন, “বাংলাদেশের যে কোনো ভোটার, যে দলেরই হোক, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। প্রশাসন এখানে সম্পূর্ণ সহযোগিতা করবে। পাশাপাশি আমাদের জনসাধারণকেও আশ্বস্ত করছি, ভয়ভীতি ছাড়াই সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। এভাবে পুঠিয়ায় জামায়াতে ইসলামী’র নির্বাচনী মিছিল ও সভা সরাসরি ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করে দাঁড়িপাল্লা প্রতীকের জনসমর্থন আরও শক্তিশালী করতে ভূমিকা রাখছে।
