
নিজস্ব প্রতিবেদক, চারঘাট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। দাড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন কামনা করছেন।
শনিবার ভোর থেকে দিন-রাত নিরলসভাবে চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় ভোটারদের কাছে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।
অধ্যক্ষ নাজমুল হক বলেন, “জামায়াত সরকার গঠন করলে কিংবা আমি নির্বাচিত হলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই হবে আমাদের মূল লক্ষ্য।”
গণসংযোগকালে চারঘাট ইউনিয়নের পরানপুর, বাথান, তালবাড়িয়া ও ভায়ালক্ষীপুর ইউনিয়নের বনকিশোর ও ফরিদপুর বাজার, শলুয়া ইউনিয়নের হলিদাগাছি ও চামটা এলাকা এবং চারঘাট বাজারসহ বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত প্রার্থী ও তার নেতাকর্মীরা।এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর জামায়াতে ইসলামীর আমিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং ভোটারদের কাছে দাড়িপাল্লা প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।
