
নিজস্ব প্রতিবেদক, নাটোর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে জনগণের ভোটে আল্লাহ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নিলে সকলের জন্য ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। সাধারণ নাগরিক বা উচ্চপদস্থ কর্মকর্তা, কেউ দুর্নীতি করলে তাকে বিচারের আওতায় আনা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় এলে মদিনার আদলে দেশ গড়ে তোলা হবে, যেখানে নারীরা নিরাপদ থাকবে, যুবকরা সুশিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম হবে এবং প্রতিটি শিশুর ও ৬৫ বছরের ঊর্ধ্বের মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, দূর্নীতি ও লুটপাট বন্ধ থাকলে দেশের উন্নয়ন রকেটের গতিতে এগোবে।
বৃহস্পতিবার বিকেলে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা ১১দলীয় জোট আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম সভাপতিত্ব করেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সাদেকুর রহমান সঞ্চালনা করেন।
ডা. শফিকুর রহমান সভায় স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে উপস্থিত জনতার সামনে জামায়াতের আসন্ন প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তিনি জনগণকে নির্বাচন পর্যন্ত আল্লাহর প্রতি অবিচল আস্থা রেখে সত্যের পথে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
