
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কালুপুর ঠাকুর পালশা গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে মোসা. সাইমা খাতুন, শিবগঞ্জ থানার রামচন্দ্রপুর হাট (হঠাৎপাড়া) এলাকার মৃত মাজেদ আলীর ছেলে মো. আব্দুর রশীদ এবং রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের মো. তাজকেরাতুল ইসলামের ছেলে মো. কবির হোসেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল) বেলা আনুমানিক পৌনে ১২টার দিকে বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে সাইমা খাতুন ও আব্দুর রশীদকে গ্রেপ্তার করা হয়। একই দিন বেলা সোয়া ১২টার দিকে মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে কবির হোসেনকে আটক করা হয়।
গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে সাইমা খাতুনের কাছ থেকে ৪০০ পিস এবং আব্দুর রশীদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া কবির হোসেনের কাছ থেকে ৩২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সাইমা খাতুনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা ও একটি পেনাল কোড মামলা এবং পাকসি রেলওয়ে জেলার সিরাজগঞ্জ রেলওয়ে থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। অপরদিকে কবির হোসেনের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের মতিহার থানায় চারটি মাদক মামলা চলমান রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
