
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীর ৪ নং হরিপুর ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় হরিপুর বাজারে আয়োজিত কর্মসূচিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-০৩ (পবা–মোহনপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। এছাড়া গণসংযোগ ও র্যালিও পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন। সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য তাজমুলতান টুটুল।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করবে।
